শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

আওয়ামীলীগ: কমিটি গঠনে গুরুত্বপূর্ণ নেতারা...



আওয়ামীলীগে এখন বিভিন্ন কমিটির কাজ চলছে। আওয়ামীলীগ সভাপতি নির্দেশ দিয়েছেন, যে সমস্ত কমিটিগুলো অসম্পূর্ণ রয়েছে বা যে সমস্ত কমিটিগুলো গঠিত হয়নি, সেই সমস্ত কমিটির তালিকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে আওয়ামীলীগ সভাপতির কাছে দিতে হবে। আওয়ামীলীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, অঙ্গসহযোগী সংগঠনের কমিটির তালিকা চূড়ান্ত হয়ে গেছে এবং এই তালিকাগুলো এখন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ কিছু নেতারা যাচাইবাছাই করে দেখছেন। আগামী ২-১ দিনের মধ্যেই সম্পাদক মণ্ডলীর সভায় বিষয়টি নিরীক্ষা করা হবে এবং তারপর এই কমিটির তালিকাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে।

ইতোমধ্যেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কমিটির খসড়া তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই তালিকাটি দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার কাছে দিয়েছেন যাচাইবাছাই করার জন্যে। এছাড়া ওই তালিকায় যাদের নাম আছে তাদের বিস্তারিত তথ্য নেওয়ার জন্যে গোয়েন্দা সংস্থাগুলোকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামীলীগের উপকমিটিগুলো গঠনের ক্ষেত্রে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পাদক মণ্ডলীর সদস্যদের পরামর্শ দেবেন বলেও জানা গেছে। প্রত্যেক সম্পাদক ৩৫ সদস্যের একটি করে উপকমিটি গঠন করবেন এবং এই উপকমিটি গঠনের তালিকাও তারা করবেন। আওয়ামীলীগ সভাপতি বলে দিয়েছেন যে, এবার উপকমিটিতে কোন বিতর্কিত ব্যক্তি থাকলে তার দায়দায়িত্ব ঐ সম্পাদককে বহন করতে হবে। আর এজন্যেই সম্পাদক মণ্ডলীর সদস্যরা তার নিজ নিজ উপকমিটি গঠনের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করছেন এবং তারা চাইছেন যে, এই কমিটিতে যেন কোন বিতর্কিত ব্যক্তি না থাকে। আর এই ক্ষেত্রে কমিটিগুলোর গঠন প্রক্রিয়ায় কয়েকজন নেতা আওয়ামীলীগে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যেমন তাদের পরামর্শ নিচ্ছেন, তেমনি উপকমিটি গঠনের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সদস্যরাও তাদের পরামর্শ নিচ্ছেন। আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এই ধরণের কমিটিতে কাদের নাম থাকা উচিত, না থাকা উচিত এইসব বিষয়ে এই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন বলেও জানা গেছে। যে সমস্ত নেতারা কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মধ্যে রয়েছেন-

ফারুক খান

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফারুক খান সবসময় জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। এই ধরণের কমিটিগুলো গঠনের ক্ষেত্রে তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কমিটিতে যাদেরকে পছন্দ করেন বা যাদের সম্পর্কে খোঁজখবর নিতে বলেন সেই কাজটি ফারুক খান করেন। এবারও বিভিন্ন কমিটি গঠন প্রক্রিয়ায় ফারুক খানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ওবায়দুল কাদের

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে কমিটি গঠনে তার ভূমিকা থাকে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনেক কমিটি গঠনের ক্ষেত্রেই তার মতামত এবং তার পছন্দ-অপন্দের কথা জানান। আওয়ামীলীগ সভাপতির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কমিটিগুলো কি ধরণের হওয়া উচিত, যাদের থাকা উচিত ইত্যাদি ব্যাপারে দলের সাধারণ সম্পাদকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. আব্দুর রাজ্জাক

এবার কমিটি গঠনে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন প্রস্তাবিত নামগুলো যাচাইবাছাই করার ক্ষেত্রে ড. আব্দুর রাজ্জাকের পরামর্শ নেওয়া হচ্ছে। বিশেষ করে অঙ্গসহযোগী সংগঠনের কমিটিগুলোতে কারা থাকবে, না থাকবে ইত্যাদি ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক মতামত দিচ্ছেন বলে জানা গেছে।

জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানক আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি যেহেতু ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব দিয়েছেন, তাই উপকমিটিগুলো গঠনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। বিশেষ করে ছাত্রলীগের ত্যাগী-পরীক্ষিত এবং কোথাও নেই এমন ব্যক্তিদের খুঁজে বের করে উপকমিটিগুলোতে রাখার ক্ষেত্রে জাহাঙ্গীর কবির নানকের পরামর্শ এবং মতামত নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। তাছাড়া যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে নানক ভূমিকা রেখেছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম

আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং এই কমিটিগুলো গঠনের ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উপকমিটিগুলোতে কাদের থাকা উচিত, না থাকা উচিত সেই সম্পর্কে সম্পাদক মণ্ডলী বাহাউদ্দিন নাছিমের পরামর্শ নিচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের ক্ষেত্রে বাহাউদ্দিন নাছিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।

তবে এই নেতৃবৃন্দের ইচ্ছা-অনিচ্ছাই এবারের কমিটি গঠনের ক্ষেত্রে শেষ বিষয় হবেনা। কারণ কমিটি গঠনের ক্ষেত্রে চূড়ান্তভাবে যাচাইবাছাই করবেন আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ